দেশ প্রতিবেদক, খুবি :
খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং আয়ারল্যান্ডের আটলান্টিক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এটিইউ)-এর ইওরিস প্রজেক্ট-এর মধ্যে গত ২২ এপ্রিল (বুধবার) একটি গুরুত্বপূর্ণ স্টুডেন্ট রিসার্চ প্লেসমেন্ট এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের স্নাতকোত্তর শিক্ষার্থীরা এটিইউ-তে এক সেমিস্টারের জন্য গবেষণা প্লেসমেন্টের সুযোগ পাবেন। এর ফলে তারা আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশে কাজ করার পাশাপাশি আধুনিক গবেষণাগার, উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য এটিইউ গবেষণা তত্ত্বাবধান, ল্যাব সুবিধা, স্বাস্থ্য ও নিরাপত্তা প্রশিক্ষণ, আবাসন ও জীবনযাত্রার ব্যয়ের সহায়তা প্রদান করবে। এছাড়া ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিমান ভাড়ার জন্য সর্বোচ্চ ৭৫০ ইউরো পর্যন্ত সহায়তা দেওয়া হবে এবং প্লেসমেন্ট চলাকালীন সম্পূর্ণ টিউশন ফি মওকুফ থাকবে।
অন্যদিকে, খুলনা বিশ্ববিদ্যালয় যোগ্য শিক্ষার্থী মনোনয়ন এবং প্রয়োজনীয় একাডেমিক ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করবে। শিক্ষার্থীরা যেন আয়ারল্যান্ডে ভ্রমণ, ভিসা এবং স্বাস্থ্য ও ভ্রমণ বীমা সংক্রান্ত সব নিয়ম যথাযথভাবে অনুসরণ করে, সে বিষয়েও বিশ্ববিদ্যালয় তদারকি করবে। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণার অগ্রগতি ও সার্বিক কল্যাণ নিয়ে এটিইউ-এর সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখা হবে। এই যৌথ তত্ত্বাবধান ব্যবস্থার অধীনে শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম দুই প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত হবে। ভবিষ্যতে এটিইউ-এর শিক্ষার্থী, গবেষক বা ভিজিটিং ফেলোরা খুলনা বিশ্ববিদ্যালয়ে এলে তাদের জন্য আবাসন, কর্মপরিসর এবং গবেষণাগার ব্যবহারের সুযোগও রাখা হবে। দুই বছর মেয়াদি এ চুক্তি খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।








