প্রকাশ : ২২ জুন ’২৬ খ্রি. সোমবার
দেশ প্রতিবেদক, সাতক্ষীরা ::
সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও চিংড়ি মাছের রেণু পোনাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, তলুইগাছা, কাঁকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে সোমবার এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামালের বাজার মূল্য ১৫ লাখ ৪০ হাজার ৭০০ টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক সাতক্ষীরা সদর উপজেলার কুলিয়া চৌরাস্তার মোড় নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেনু পোনা, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার দাঁতভাঙ্গা কলেজ নামক স্থান হতে ভারতীয় ঘুঘু পাখি, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল শালবাগান নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালি ও ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ঔষধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য ১৫ লাখ ৪০ হাজার ৭০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা এসময় পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে।









