প্রকাশ : ১৪ জুলাই ’২৬ খ্রি. মঙ্গলবার
সূত্র : ইসলামী ছাত্র আন্দোলনের
দেশ প্রতিবেদক ::
দেশব্যাপী চলমান ভয়াবহ বন্যা, টানা বর্ষণ, জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে যখন লাখো মানুষ চরম দুর্ভোগে মানবেতর জীবনযাপন করছে, তখন এমন সংকটময় পরিস্থিতিতে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে অমানবিক, বাস্তবতাবিবর্জিত ও শিক্ষার্থীবান্ধব নীতির পরিপন্থী বলে মনে করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর শাখা।
আজ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ বিকেলে নগরীর পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যালয়ে জুলাই মাসের মাসিক বৈঠকে এসব দাবি জানান সংগঠনের সভাপতি মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমাদ।
নগর সভাপতি বলেন, দেশের বহু অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্রে রূপ নিয়েছে এবং হাজারো পরীক্ষার্থী নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া কোনো দায়িত্বশীল রাষ্ট্রের কাজ হতে পারে না।
তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ধারাবাহিক সমন্বয়হীনতা, সিদ্ধান্তহীনতা ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ, বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন ব্যর্থতার নৈতিক দায় এড়ানোর সুযোগ নেই। তাই শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া এই চরম অব্যবস্থাপনার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানাচ্ছি।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, প্রাকৃতিক দুর্যোগের সময়ে পরীক্ষা নয়, শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাই রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত রাখতে হবে এবং পরবর্তীতে এমন সময়সূচি ঘোষণা করতে হবে, যাতে পরীক্ষার্থীরা ন্যায্য ও সমান সুযোগ নিশ্চিত করে পরীক্ষায় অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির পর্যাপ্ত সময় পায়।
দুর্যোগের এই সময়ে মানুষের জীবন, নিরাপত্তা ও মানবিক প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া রাষ্ট্রের দায়িত্ব। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
বৈঠকে এসময়ে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর শাখার সহ-সভাপতি মুহাম্মদ ওসমান নাদীম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ বাইজিদ আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ নাঈম হাসান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক: মুহাম্মাদ শাহরিয়ার তাজ, অর্থ ও কল্যাণ সম্পাদক: রেজাউল করিম রাসেল, বিশ্ববিদ্যালয় সম্পাদক: মুহাম্মাদ আবু বকর, কওমী মাদরাসা সম্পাদক: মুহাম্মাদ বোরহান উদ্দিন, আলিয়া মাদরাসা সম্পাদক: মুহাম্মাদ আল আমিন, স্কুল ও কলেজ সম্পাদক: মুহাম্মাদ আব্দুর রউফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মুহা. আল মামুন রাফি, কার্যনির্বাহী সদস্য: মুহাম্মাদ শাহরিয়ার সিফাত।
বৈঠকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান, তারা বলেন শিক্ষার্থীদের জীবন, নিরাপত্তা ও ভবিষ্যতের স্বার্থে অবিলম্বে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিন এবং শিক্ষা প্রশাসনের ব্যর্থতার যথাযথ দায় নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।








