১৫ মে ’২৬ খ্রি. শুক্রবার
দেশ প্রতিবেদক, বাগেরহাট :
বাগেরহাট পৌরশহরের বাসাবাটি বাইনে বাড়ী এলাকায় পারিবারিক বিরোধে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই আম্মার শেখ (১৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনার পর পুলিশ রক্তমাখা ছুরিসহ মামাতো ভাই আলী আব্দুল্লাহ (২৩) কে গ্রেফতার করেছে। বাগেরহাট শহরের বাসাবাটি বানেবাড়ি এলাকায় নানা হাতেম আলীর বাড়িতে এই খুনের ঘটনা ঘটে। পুলিশ নিহতের মামাতো ভাই আলী আব্দুল্লাহকে (২৩) আটক করেছে। শুক্রবার দুপুরে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের হাতে আটক আলী আব্দুল্লাহ বাগেরহাট শহরের সাহাপাড়া এলাকার তারেক হাওলাদারের ছেলে। নিহত আম্মার পিরোজপুরের কদমতলা এলাকার এইচ এম তাসলিম মাহমুদের ছেলে। নিহত আম্মার ও তার মা মাহফুজা খাতুন বাগেরহাট শহরের বাসাবাটি বানেবাড়ি এলাকায় নানা হাতেম আলীর বাড়িতে বসবাস করে আসছিল। বাগেরহাট সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, বৃহষ্পতিবার সন্ধ্যায় নিহত আম্মারের মামাতো ভাই আলী আব্দুল্লাহ তাদের বাড়িতে বেড়াতে আসে। রাতে খাওয়া দাওয়ার পর তুচ্ছ ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আলী আব্দুল্লাহ ক্ষুব্দ হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে আম্মারকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বুকে পিঠসহ বিভিন্ন স্থানে ছুরির আঘাতে চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্য হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযোগ ওঠা আলী আব্দুল্লাহকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কেন কি কারনে ফুফাতো ভাইকে মামতো ভাই ছুরি মেরে হত্যা করল তা তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে। #








