০৪ মে ’২৬ খ্রি. সোমবার
ডেস্ক প্রতিবেদন :
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো প্রশ্নই আসে না। রোববার জার্মান প্রচারমাধ্যম এআরডি–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ট্রান্সঅ্যাটলান্টিক সম্পর্ক নিয়ে কাজ করা থেকে আমি সরে আসছি না৷ ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করা থেকেও নয়৷’’
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য মতবিরোধের পর এই মন্তব্য করলেন মার্ৎস৷ ট্রাম্প সম্প্রতি জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন৷ তবে ম্যার্ৎস বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে দুই দেশের মতপার্থক্যের কোনো সংযোগ নেই৷
ম্যার্ৎস স্বীকার করেন যে ইরান যুদ্ধ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা, তবে ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায়, সেই লক্ষ্যে তিনি ট্রাম্পের সঙ্গে একমত বলেও জানান৷
এদিকে ম্যার্ৎস ইঙ্গিত দিয়েছেন, জার্মানিতে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনাও বাতিল হতে পারে৷ তিনি বলেন, ইরান ও ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের নিজের কাছেই এই মুহূর্তে পর্যাপ্ত অস্ত্র নেই৷








