প্রকাশ : ০৯ জুলাই ’২৬ খ্রি. বৃহস্পতিবার
দেশ প্রতিবেদক : :
খুলনা নগরীর সদর থানাধীন নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ক্যাপশন : বুধবার খুলনা মহানগরীর প্রান্তিক আবাসিক এলাকায় রাতে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। — দেশ সংযোগ
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের একটি সাততলা ভবনের সামনে পড়ে থাকা বস্তাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বস্তার ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, কে বা কারা হত্যার পর মরদেহটি বস্তাবন্দি করে সেখানে ফেলে রেখে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।
ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ শুরু করেছে পুলিশ। একই সঙ্গে মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।






