প্রকাশ : ০৯ জুন ’২৬ খ্রি. মঙ্গলবার
দেশ প্রতিবেদক, ঢাকা :
পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টঙ্গীতে শিক্ষাপ্রতিষ্ঠান এবং কারখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
সোমবার গাজীপুরের ইউসেপ টঙ্গী পৌরসভা কলাবাগান টেকনিক্যাল স্কুল এবং হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল-এ আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয়ের কর্মচারী এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মীরা অংশ নেন। এ সময় সবাই মিলে ফলজ, বনজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

ক্যাপশন : বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করছে বেক্সিমকো ফার্মা কর্তৃপক্ষ। -দেশ সংযোগ
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
পরে টঙ্গীতে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কারখানা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা একটি অ্যাভোকাডো গাছের চারা রোপণ করেন।
রাব্বুর রেজা বলেন, ‘পরিবেশ সংরক্ষণ কেবল দিবস উদযাপনের জন্য নয়, এটি একটি চলমান অঙ্গীকার। প্রতিদিনের ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তন নিয়ে আসে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পরিবেশবান্ধব কার্যক্রমকে আমাদের সংস্কৃতির অংশ হিসেবে বিবেচনা করে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি জানান, প্রতিষ্ঠানটি তাদের কারখানাগুলোতে প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে এবং প্লাস্টিকের পানির বোতলের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করেছে। পাশাপাশি পানি সংরক্ষণ এবং অপচয় কমাতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে উৎপাদন কার্যক্রম আরও পরিবেশবান্ধব ও সম্পদ-সাশ্রয়ী হয়।
বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজনের মাধ্যমে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে অবদান রাখছে, অন্যদিকে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সামাজিক উন্নয়নেও ভূমিকা রেখে চলেছে।









