প্রকাশ : ০৩ জুলাই ’২৬ খ্রি. শুক্রবার
দেশ প্রতিবেদক, যশোর ::
শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের উদ্যোগে আজ শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম কুমার মণ্ডল এবং সঞ্চালনা করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক তনুশ্রী তনু।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে শিক্ষার্থী, শ্রমজীবী ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের মৌলিক অধিকার নিশ্চিত করতে শিক্ষা উপকরণের মূল্য কমানো এবং বাজারে কার্যকর মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা। একই সঙ্গে বাজারে অসাধু মুনাফাখোর ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পিকচার প্যালেস মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের কার্যালয় অভিমুখে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা শিক্ষা উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, বাজারে সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ শিক্ষার্থী ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।








